চোখ হারানো সেই শাহজালালের দুই বছরের কারাদণ্ড
খুলনায় পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটনের অভিযোগকারী সেই শাহজালালকে ছিনতাই মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে মহানগর হাকিমের আদালত-১ এর বিচারক আমীরুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাহজালাল রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ১৮ জুলাই খুলনার খালিশপুরে পুলিশের বিরুদ্ধে শাহজালাল নামের যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের দাবি, ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে শাহজালাল। এরপর গণপিটুনিতে চোখ হারায় সে।
ওই ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে শাহজালালের বিরুদ্ধে মামলা করেন সুমা আক্তার নামের এক নারী। এই মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে বাদীসহ ১১ জন সাক্ষ্য প্রদান করেন। শুনানি শেষে বিচারক ছিনতাই মামলায় শাহজালালকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা দেন ।
এদিকে শাহজালালের বাবা জাকির হোসেন বলেন, যেখানে পুলিশের বিরুদ্ধে আমার ছেলের চোখ উপড়ানোর অভিযোগ রয়েছে, সেখানে মিথ্যা ছিনতাই মামলায় আমার ছেলেকেই সাজা দেয়া হয়েছে। পুলিশ এ মামলায় প্রভাব বিস্তার করেছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
অপরদিকে পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটনের মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।