গাজীপুরে তুলার গুদামে আগুন, সাতটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স লিমিটেডের কারখানার তুলার গোডাউনে আগুন ১৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, দুপুরের দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেয়। পরে জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভিয়েলাটেক্স কারখানার টিনশেড তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই গোডাউনের সর্বত্র আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশাল ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শনিবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই শেডে থাকা বিপুল পরিমাণ তুলা আগুনে পুড়ে গেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।