[ দেশজুড়ে ]
কিস্তি না পেয়ে খারাপ ব্যবহার, জীবন দিলেন গৃহবধূ
ফাইল ছবি
হতদরিদ্র জুলেখা খাতুন। এনজিও সংস্থা আশা থেকে ঋণ নিয়েছিলেন ৬০ হাজার টাকা। বৃহস্পতিবার ছিল কিস্তি দেয়ার তারিখ। কিস্তির জন্য এনজিও কর্মীরাও তার বাড়িতে আসেন। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তারা জুলেখার সঙ্গে খারাপ ব্যবহার ও চাপ দিয়ে চলে যান।
এ ঘটনা সইতে না পেরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জুলেখা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউপির লক্ষ্মীপুর গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বলেন, স্ত্রীর নামে আশা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছি। কিন্তু কিস্তির জন্য বেশ কিছুদিন ধরেই এনজিও কর্মীরা চাপ দিতে থাকেন। বৃহস্পতিবার তারা বাড়িতে এসে জুলেখার সঙ্গে খারাপ ব্যবহার ও কিস্তির জন্য চাপ দিয়ে চলে যান। এতে সইতে না পেরেই জুলেখা আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, জুলেখা এনজিও থেকে ঋণ নিয়েছেন বলে শুনেছি। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে তদন্ত চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!