করোনার বিস্তার রোধে অভিবাসীদের আটক করছে মালয়েশিয়া
বিশ্বের অন্যান্য দেশের মতো মালয়েশিয়ায় হানা দিয়েছে প্রানঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তার রোধে এবার অবৈধ অভিবাসীদের আটক করতে শুরু করেছে মালয়েশিয়া। গত কয়েকদিন ধরে চালানো অভিযানে প্রায় শত শত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটি।
শনিবার দেশটির পুলিশ প্রধান আব্দুল হামিদ বদর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা অভিবাসীদের অবাধে চলাচল করতে দিতে পারি না। এরপর যদি তারা অবস্থান পাল্টে ফেলে তাহলে তাদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে।
আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে প্রায় সাত শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে শিশু এবং মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া জাতিগত রোহিঙ্গা শরণার্থীও রয়েছে বলে জানান তারা।
জানা গেছে, দেশটিতে অবৈধ অভিবাসী বিশেষ করে রোহিঙ্গারা করোনার ঝুঁকি বাড়াচ্ছে ফলে জনগণের মাঝে ক্ষোভ তৈরি হওয়ায় এই অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। এসব অভিবাসীদেরকে দেশের জন্য বোঝা বলেও মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।
এদিকে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান না চালাতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকারকে সতর্ক করে দিয়ে সংস্থাটি বলেছে, অভিবাসীদের আটক করে জনাকীর্ণ শিবিরে রাখা হলে সেখানে ভাইরাসের বিস্তারের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে।
জাতিসংঘের বিবৃতিতে আরো বলা হয়েছে, গ্রেফতার এবং আটকের ভয়ে ঝুঁকিপূর্ণ এসব মানুষ আত্মগোপনে এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকতে পারে। এমন করা হলে সেটি তাদের স্বাস্থ্যের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে। এছাড়া তাদের মাধ্যমে অন্যদের মাঝেও কোভিড-১৯ বিস্তারের ঝুঁকি তৈরি হবে বলেও জানায় সংস্থাটি।
সূত্র- আল জাজিরা