[ দেশজুড়ে ]
করোনা আতঙ্কে কসবার সীমান্ত হাট বন্ধ ঘোষণা
কসবা সীমান্ত হাট
করোনাভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ হাট আর বসবে না। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম।
এর আগে ৮ মার্চ ডিসি কার্যালয়ে করোনাভাইরাস বিষয়ক এক সভায় হাট বন্ধের বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ মার্চ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। একই সিদ্ধান্ত জানিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটিও।
কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মিতু মরিয়ম জানান, হাটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হাট খোলা হবে।
২০১৫ সালের ৬ জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্তে যাত্রা শুরু করে সীমান্ত হাট। এ হাটে দুই দেশের ৫০টি করে একশটি দোকানে প্রতি রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বেচাকেনা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!