ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ প্রথমবার ভারত যাচ্ছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩২, ২১ অক্টোবর ২০২৬
সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’ প্রথমবার ভারত যাচ্ছে
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। তারা মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে আসামের উদ্দেশে রওনা দেবে ২১ অক্টোবর। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে প্রথম কনসার্টে অংশ নেবেন তারা। পরপর কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা। ধর্মীয় সংগীত, দেশজ সুর আর আধুনিক গানের মিশেলে টিম বৃষ্টির পারফরম্যান্স এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অনুষ্ঠানে টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গান পরিবেশনার পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন পারফর্ম করবে, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা ব্যক্ত করলেন টিম বৃষ্টি ব্যান্ডের ম্যানেজার অমিত সাহা। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। দর্শকদের ভালোবাসা পেলে আমাদের সে স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।’
টিম বৃষ্টির লাইনআপে রয়েছেন —বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি), তন্ময় দত্ত (বেজ গিটার)।
টিম বৃষ্টির ভোকাল বৃষ্টি দে বলেন, ‘আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময়। তখন আমরা সবাই ঘরবন্দি। ঠিক সে সময়ই সমবয়সী ভাইদের নিয়ে আড্ডা জমে ওঠে। সে আড্ডার মূল বিষয়ই ছিল গান। গানের আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রাম করি। ব্যান্ডের নামটি আশপাশে ছড়িয়ে পড়ে তখন থেকেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, শুধু সামনের দিকে এগিয়ে চলা। গানকে বিস্তৃত করার জন্য সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক নামে একটি গানের স্কুলও গড়ে তুলি। এভাবেই আমাদের চর্চা অব্যাহত রেখেছি আমরা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!