৬০ ইরানি ও ইরানি বংশোদ্ভূত আটক করল যুক্তরাষ্ট্র
ইরানি কনসার্ট থেকে ফেরার সময় ৬০ ইরানি ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। শনিবার তারা কানাডার ভ্যানকুভারে একটি ইরানি কনসার্টে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পিচ আর্চ সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়।
দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) জানিয়েছে, কনসার্ট থেকে ওই ইরানিরা বাড়ি ফিরছিলেন। কিন্তু এদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে।
আটকদের কাছে তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও সীমান্ত সুরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, জাতীয়তার ভিত্তিতে তো নয়ই বরং যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশেও এই আটকের ঘটনা ঘটেনি। নিরাপত্তার খাতিরেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এরমধ্যে রোববার সকালে এক মার্কিন মেডিকেল শিক্ষার্থী এবং তার পরিবারকে ছেড়ে দেয়া হয়। তাদের প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই শিক্ষার্থী বলেন, গতরাতে আটক হওয়া বেশিরভাগই মার্কিন নাগরিক।
তিনি বলেন, আমরা ক্রমাগত জিজ্ঞাসা করেছি যে আমাদের কেন আটক করা হলো। তারা দুঃখ প্রকাশ করে বলেছেন যে, আমরা ভুল সময়ে ভ্রমণ করেছি।
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার তিনদিন পর এই আটকের ঘটনা ঘটে।