উড়ন্ত প্লেনে বজ্রপাতের ভিডিও ভাইরাল
বিমানবন্দরে রানওয়ে দিয়ে এগিয়ে যাওয়া একটি বিমানের গা ঘেঁষে বজ্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার দক্ষিণ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বিমানবন্দরে এমনই এক ঘটনা ঘটে।
কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওই ঘটনার ভিডিও ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে এটি ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও চীনা দৈনিক চায়না ডেইলি ছাড়াও বেশি কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই ভিডিওটিতে দেখা যায়, ‘এমিরেটস এ৩৮০’ ফ্লাইটটি রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে। এটির ঠিক পেছনে বজ্রপাত হয়। তবে এতে বিমানে আগুন লাগার কোনো খবর পাওয়া যায়নি। বিমানটি অবতরণের পর যাত্রীদের নামাতে যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবারো বজ্রপাত হয়।
নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ড্যানিয়েল ক্যুরি নামের একজন পাইলট ভিডিওটি ক্যামেরাবন্দি করেন। বিমানবন্দরে টারম্যাকের জানালা দিয়ে ওই দৃশ্য ধারণ করেন তিনি।
জানা গেছে, সে সময় ক্রাইস্টচার্চ এলাকায় ছয় ঘণ্টার মধ্যে প্রায় দেড় হাজার বার বজ্রপাত হয়েছে। এতে স্থানীয় বেশ কিছু বাড়ির ছাদে ছোট ছোট ফুটো হয়েছে। এছাড়া অনেক বাড়ির কাচের জানালা ভেঙে গেছে। তবে হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।
টুইটারে ওই ভিডিওতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। একজন বলেছেন, বজ্রপাতের অনেক ছবি ক্যামেরাবন্দি হলেও যাত্রীবোঝাই কোনো বিমানের কাছে বাজ পড়ার দৃশ্য খুব একটা দেখা যায় না।