দুই উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা দীর্ঘ হচ্ছে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার মমিনুল হকের। সর্বশেষ শতক হাঁকানোর পর ৩১ ইনিংস পেরিয়ে গেলেও তিন অঙ্কের দেখা পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও ভালো শুরুর পর উইকেট হারিয়েছেন এই ব্যাটার।
তবে আউট হওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মিরপুর টেস্টের প্রথম সেশনে লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। সাদমান ইসলাম ৪২ রানে অপরাজিত আছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১৫ রানে।
মমিনুল ও সাদমান মিলে ৫৯ রানের জুটি গড়েছিলেন। তবে জোমেল ওয়ারিক্যানের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অফে শামার জোসেফের হাতে ক্যাচ দেন মমিনুল। তার ইনিংস থামে ২৮ রানে। ফলে বড় জুটি গড়ার সম্ভাবনা ভেঙে যায় বাংলাদেশের।
টেস্ট ক্যারিয়ারে মমিনুলের সেঞ্চুরি ১৩টি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি শতক আছে শুধু মুশফিকুর রহিমের, ১৪টি। মমিনুলের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল দুই বছর আগে কানপুর টেস্টে। এরপর বেশ কয়েকবার শতকের কাছাকাছি গেলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার।
এদিকে দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯ রানে জেইডন সিলসের বলে উইকেটরক্ষক জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে আসে ৭ রান।
এর আগে আঙুলের চোটে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে দলের অন্য অভিজ্ঞদের।