ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘তারা বলেছিল আমি শেষ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ২২ নভেম্বর ২০২৪
‘তারা বলেছিল আমি শেষ’
ক্রিস্টিয়ানো রোনালদো

সমালোচনাকারীদের নিয়ে কড়া মন্তব্যই করে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান নিয়ে বিদ্রূপাত্মক কথাগুলো নিয়েও এবার তিনি মুখ খুললেন।

নেটফ্লিক্সের এক প্রোমোশনাল ভিডিওতে সৌদি আরবে আসা নিয়ে পর্তুগিজ মহাতারকা বলেন, ‘আমি এখানে জয়ী হতে এসেছিলাম। লিগটাকে আরো উন্নত পর্যায়ে নিতে চেয়েছি। একইসঙ্গে এখানে নিজের লিগ্যাসিটাও রেখে যেতে চাই। এটাই আমি চাই। ইউরোপে আমি সব জিতেছি।’ 

সামালোচকদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলেছিল আমি শেষ, আমি এখানে কেবল টাকার জন্যই এসেছি। এখনো আগের মতো (ফুটবলে) আবেগটা অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায়নি। কিন্তু আমি এখানে জিততেই এসেছি।’ 

Advertisement

মাঠেও নিজের ফর্মটা ঠিকই ধরে রেখেছেন সিআর সেভেন। আল নাসরের জার্সিতে ৮৫ ম্যাচ খেলেন গোল করেছেন ৭৪টি। ২০২৩ সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, ফাইনালে তিনি দুটি গোলও করেন। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা সৌদি প্রো লিগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ তারকা।

পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি আগেই রোনালদো দখলে নিয়েছেন। পর্তুগাল জাতীয় দল এবং বেশ কয়েকটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত করেছেন ৯১০ গোল। 

৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন রোনালদো। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি রয়েছে তার। এরপর তিনি আবারও ইউরোপে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। মূলত তার একসময়কার স্বদেশি সতীর্থ রুবেন অ্যামেরিম ইউনাইটেডের কোচ হওয়ায় তেমন সম্ভাবনা দেখছেন অনেকে! 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!