২৯ টেস্টের ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি থাকলেও শান্তর ব্যাটে রানের ধারাবাহিকতা নেই। ফরম্যাটটিতে ২৮.৫০ গড়ে তার করেছেন মোট ১,৫৩৯ রান। বিস্ময়কর হলেও সত্য, টপ অর্ডারের এই ব্যাটার শেষ ৯ ইনিংসে একটিও অর্ধশতকের দেখা পাননি।
সর্বশেষ পাকিস্তান সিরিজে ২৬ বর্ষী ক্রিকেটার ব্যাট হাতে সমর্থকদের উপহার দেন একরাশ হতাশা। তিন ইনিংসে ১৯.৩৩ গড়ে করেছিলেন মাত্র ৫৮ রান। শেষ ৯ ইনিংস বিবেচনায় নিলে পরিসংখ্যান আরো ভয়াবহ। তিনি ১২.৬৭ গড়ে করেছেন মাত্র ১১৪ রান। এর মধ্যে পাঁচ ইনিংসে তিনি দুই অংকের ঘরে যেতেই পারেননি।
.png)
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যাটার হাতে দলের জন্য অবদান রাখার কথাই দেশ ছাড়ার আগে জানালেন শান্ত। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন তিনি সেই কথাই বললেন।
‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি। ঐটার জন্য যে প্রস্তুতি নেয়ার দরকার ছিল, আলহামদুলিল্লাহ নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি দলে অবদান রাখার সর্বোচ্চটা চেষ্টা করবো।’
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও শান্তর যাচ্ছেতাই অবস্থা। সর্বশেষ সাত ইনিংসের দুটিতে ৪০ ঊর্ধ্ব ইনিংস থাকলেও চারটিতেই পাননি দুই অংকের দেখা। স্ট্রাইক রেট নিয়ে রয়েছে প্রবল সমালোচনা। বাংলাদেশ দলের অধিনায়কের টি-২০ ফরম্যাটে শেষ সাত ইনিংসের রানগুলো যথাক্রমে ৭, ১৪, ১, ৪, ৪১, ৪০ ও ৫।
ফর্ম অনুযায়ী টি-২০ স্কোয়াডে থাকাটাই শান্তর টিকে থাকা কঠিন। নেতৃত্ব ভারটা কাঁধে আছে বলেই তার দলে থাকা নিয়ে সংশয় নেই। টিম ইন্ডিয়ার বিপক্ষে এই ফরম্যাটে তিনি আরেকটা সুযোগ পাবেন, নাকি বিসিবি ভিন্ন পথে হাঁটবে, এখনই এমন প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল।