ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মারুফুল বলেন, আমি নেপালকে শুরুতে অভিনন্দন জানাতে চাই। কারণ তারা ভালো দল হিসেবে ম্যাচটি জিতেছে। প্রথম গোল হজমের আগে আমাদের খেলোয়াড়দের সবকিছু ঠিক ছিল। প্রথম গোল হজমের পর আর ফিরে আসতে পারেনি। আমরা ম্যাচটা হেরেছি চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যাইনি।
আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ১৭ মিনিটে কাণ্ডজ্ঞানহীন ভুলের খেসারত দেওয়ায় পিছিয়ে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল কর্নার কিক নেয়ার পর নেপালি এক ডিফেন্ডার গোলপোস্টের সামনে থেকে বল বিপদমুক্ত করেন। মাঝমাঠের কাছাকাছি চলে আসা বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বল পায়ে নেয়ার পর খেয়ালই করেননি তার একেবারে সামনে দাঁড়িয়ে নেপালের ফুটবলার সামির তামাং। তিনি সহজেই শ্রাবণের কাছ থেকে বল নিয়ে ফাঁকা পোস্টের কাছে দৌড়ে গিয়ে ডানপায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান।
.png)
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিরাজন ধামি। বিরতির আগে ডি বক্সের ভেতর মিরাজুল ইসলামকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে মিরাজুল লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। পরে গোল শোধ করতে না পারায় বাংলার যুবারা পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
পিছিয়ে পড়ার পর দল আর ম্যাচে ফিরতে না পারার বিষয়টি স্বীকার করে নিয়ে বাংলাদেশের কোচের ভাষ্য, ‘আমার কৌশল ছিল প্রথম ১০-১৫ মিনিট নেপালকে খেলার সুযোগ দিবো। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে তাদেরকে গোল করতে হতো। সব ঠিক ছিল, কিন্তু একটা গোল হজমের পর খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে যাওয়ায় সেখান থেকে ফিরে আসতে পারেনি। তবে আমরা আশাবাদী, এখনো আমাদের সুযোগ রয়েছে।’
দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। দলটি ২৫ আগস্ট খেলবে প্রথম সেমিফাইনাল। এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ গ্রুপ রানার্সআপ । সেমিতে মারুফুলের শিষ্যদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।
‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, নেপাল খেলবে রানার্সআপ দলের সঙ্গে। ভুটানের কাছে ২-১ গোলে হেরে আসর শেষের দ্বারপ্রান্তে মালদ্বীপ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ এক খেলে জয় তুলে নেয়া শক্তিশালী ভারত। দুই খেলায় এক জয়ে ভুটানের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ভারতে পয়েন্টও ৩। তাই বাংলাদেশের সামনে শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়া পড়তে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। শুক্রবার ভারত ও মালদ্বীপ ম্যাচের পরই সমীকরণ পরিষ্কার হবে।
মারুফুল অবশ্য প্রতিপক্ষ কারা হবে তা নিয়ে একেবারেই ভাবছেন না। তিনি সাফ বললেন, ‘আমার দর্শন হল চ্যাম্পিয়ন হতে চাইলে সবাইকে হারাতে হবে। আমাদের হাতে সময় আছে। এমন পরিস্থিতিতে ফিরে আসার চেষ্টা করবো।’