দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। দলটি ২৫ আগস্ট খেলবে প্রথম সেমিফাইনাল। এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ গ্রুপ রানার্সআপ । সব ম্যাচ হেরে আগেই গ্রুপটি থেকে বাদ পড়েছে শ্রীলংকা।
আনফা কমপ্লেক্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ১৭ মিনিটে কাণ্ডজ্ঞানহীন ভুলের খেসারত দেওয়ায় পিছিয়ে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল কর্নার কিক নেয়ার পর নেপালি এক ডিফেন্ডার গোলপোস্টের সামনে থেকে বল বিপদমুক্ত করেন। মাঝমাঠের কাছাকাছি চলে আসা বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বল পায়ে নেয়ার পর খেয়ালই করেননি তার একেবারে সামনে দাঁড়িয়ে নেপালের ফুটবলার সামির তামাং। তিনি সহজেই শ্রাবণের কাছ থেকে বল নিয়ে ফাঁকা পোস্টের কাছে দৌড়ে গিয়ে ডানপায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান।
.png)
প্রথম গোল হজমের ধাক্কা সামলানোর আগেই ১৯ মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল পাঠায় নেপাল। ডানপ্রান্ত থেকে অবিনাশ সাংতানের ক্রসে বল নিয়ে রক্ষণের দুর্বলতার সুযোগে ডানপায়ে নিশানাভেদ করেন নিরাজন ধামি।
বিরতির আগে ডি বক্সের ভেতর মিরাজুল ইসলামকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে মিরাজুল লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করলেও বাংলার যুবারা সমতা টানতে পারেনি, পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের সেমিতে প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন, নেপাল খেলবে রানার্সআপ দলের সঙ্গে। ভুটানের কাছে ২-১ গোলে হেরে আসর শেষের দ্বারপ্রান্তে মালদ্বীপ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ এক খেলে জয় তুলে নেয়া শক্তিশালী ভারত। দুই খেলায় এক জয়ে ভুটানের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ভারতে পয়েন্টও ৩। তাই বাংলাদেশের সামনে শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়া পড়তে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। শুক্রবার ভারত ও মালদ্বীপ ম্যাচের পরই সমীকরণ পরিষ্কার হবে।
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ আগস্ট। ফাইনালের লড়াইটা ২৮ আগস্ট। ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিট।