তবে এবার মূল দল নয়, প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। উদ্বোধনী দিনের অন্য ম্যাচে স্পেন খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে।
অলিম্পিক উদ্বোধনের আরো দিন দুই বাকি থাকলেও ফুটবল ইভেন্টটি শুরু হয়ে গেছে। দলের সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাইপর্ব টপকে অলিম্পিকে জায়গা করে নিতে পারেনি।
.png)
আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও ছেলেদের ফুটবল ইভেন্টে খেলছে ১৬টি দল। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও মরক্কো আছে ‘বি’–তে। গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন।
অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ বছর বয়সীরা খেললেও তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই।
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা-মরক্কো ম্যাচটি দেখা যাবে জিও স্পোর্টস এবং স্পোর্টস-১৮ চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করা যাবে।
অন্যদিকে মেয়েদের ফুটবলে অংশ নিচ্ছে ১২ দল। তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও তৃতীয়দের মধ্যের সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।