ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ৭ জুলাই ২০২৪
‘ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ’
ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। টানটান উত্তেজনার ম্যাচটিতে হেরে বিপর্যস্ত সেলেসাওদের ড্রেসিংরুম। তবে সবকিছু ভুলে সামনে এগোতে চান দলটির কোচ ডরিভাল জুনিয়র। 

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। তারপর থেকে দলটি আছে নানা ঝামেলার মধ্যে। প্রধান কোচের দায়িত্ব থেকে কোচের পদত্যাগ, ব্রাজিল ফুটবল ফেডারেশনে (সিবিএফ) অসন্তোষ, খেলোয়াড়দের চোট—এসব ঝামেলার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। 

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল রয়েছে ষষ্ঠ অবস্থানে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ৭ পয়েন্ট এখন সেলেসাওদের। যেখানে এই অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। ৭ নম্বরে থেকে যে দল শেষ করবে, তাদের ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে উঠতে হবে। 

Advertisement

তিতের পর র‍্যামন মেনেজেস, ফার্নান্দো দিনিজ—এ দুই কোচ ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন। এ বছরের জানুয়ারিতে ডরিভালকে স্থায়ী কোচ হিসেবে পায় ব্রাজিল। তাঁর অধীনে আট ম্যাচের মধ্যে আজ কোয়ার্টারে উরুগুয়ের বিপক্ষেই প্রথম হারল সেলেসাওরা। বিশ্বকাপের বাছাইপর্ব কীভাবে পেরোবে ব্রাজিল, এটা নিয়ে ভাবছেন এখন দরিভাল। 

কোয়ার্টার থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিল কোচ বলেন, ‘আমি আবারও বলছি, আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করাই আমাদের লক্ষ্য এখন। বর্তমানে আমরা কনমেবলে ৬ নম্বরে আছি। যেটা ভালো অবস্থা নয়।’ 

ভিনির পরিবর্তে এনড্রিককে আজ ব্রাজিলের মূল একাদশে খেলানো হলেও কাজের কাজ কিছু হয়নি। ব্রাজিল-উরুগুয়ে মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে হারলে ২০১৯ কোপা আমেরিকার পর এই টুর্নামেন্টে টানা দুবার শিরোপাবঞ্চিত থাকতে হচ্ছে। 

ডরিভাল বলেন, ‘এই দলটা পুনর্গঠনের পর্যায়ে রয়েছে। আমি দলটাকে কোচিং করিয়েছি মাত্র ৮ ম্যাচ। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এ যাত্রায় অনেক বিপৎসংকুল পথ যে পাড়ি দিতে হবে, সে ব্যাপারে আমরা সতর্ক ছিলাম। তবে এখন আমরা নকআউট পর্ব থেকে ছিটকে গেছি। এমনটা আশা করিনি।’  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!