মে মাসের শেষ নাগাদ তালিকার দুইয়ে নেমে যাওয়া সাকিব ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছিলেন পরের সপ্তাহে। কিন্তু এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে তার। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের পাঁচে।
আজ (বুধবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-২০ অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)।
.png)
এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে কোনো অবদান রাখতে পারেননি সাকিব। চার ওভার বল করলেও সাবেক এই অধিনায়ক ৩৬ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন মোটে ১১ রান। স্বাভাবিকভাবেই তাই র্যাঙ্কিংয়ে তাকে বড় মাশুল গুনতে হলো।
সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-২০র অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) উঠে গেছেন শীর্ষে।
অন্যদিকে তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে উঠেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।