বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চকর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয় নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। অপরদিকে গ্রুপ পর্বে এরই মধ্যে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
পরিসংখ্যানের পাতায় চোখ উল্টালে অবশ্য বাংলাদেশি সমর্থকদের জন্য আশার কিছু পাওয়া যাবে না। টি-২০তে এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় পায়নি বাংলাদেশ। কিন্তু এবার হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা।
.png)
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-২০ খেলে বাংলাদেশ। হার দিয়ে শুরু ঐ ম্যাচের পর মোট ৮টি টি-২০ ম্যাচ খেললেও কোনো জয় নেয় বাংলাদেশ ঝুলিতে।
২০০৮ সালে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে কম ১২ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর সেই ব্যবধানটা কেবলই বেড়েছেই। সবশেষ ২০২২ বিশ্বকাপেও প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাই এ ম্যাচে জয় পাওয়া বেশ কঠিনই বলা চলে শান্তর দলের জন্য।
এছাড়া নিউইয়র্কে খেলার অভিজ্ঞতাতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচ তারা খেলেছে এই মাঠেই। যেখানে দুটিতেই জয় পেয়েছে তারা।
অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত এই মাঠে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলেনি। তবে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে এ মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। তাই ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান/ শরিফুল ইসলাম।