বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরি’তে সৌম্য বলেন, ‘আমি সবসময় বড় স্বপ্ন দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলবো।’
বাঁহাতি এই ওপেনার বলেন, ‘এরপর বাকি সব নির্ভর করবে মাঠে ভালো খেলতে পারবো কি না তার ওপর। কিন্তু স্বপ্ন বড় দেখতে হবে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের দুই বিশ্বকাপে ভালো করতে পারিনি। এবারেরটা স্মরণীয় করে রাখতে চাই।’
.png)
বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে, যা বিশ্বকাপে কাজে দেবে বলে জানিয়েছেন সৌম্য। তিনি বলেন, ‘সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে খেলছি তারাও আছি। সবার অভিজ্ঞতা একত্রিত করে খেলতে পারলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’
আগামী ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর ১০ জুন তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই ম্যাচ নেদারল্যান্ডস ও নেপাল। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৩ ও ১৭ জুন।