ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রনির ৭ উইকেট, ৩৮ বলে ম্যাচ জিতল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ৬ এপ্রিল ২০২৪
রনির ৭ উইকেট, ৩৮ বলে ম্যাচ জিতল মোহামেডান
আবু হায়দার রনি। ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে আবু হায়দার রনির বোলিং তোপে অল্পেই থেমেছিল গাজী টায়ার্স। জবাবে ব্যাট করতে নেমে ৬.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে মোহামেডান।

শনিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় মোহামেডান-গাজী টায়ার্স। ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ১২ ওভারে মাত্র ৪০ রানেই অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। এই ম্যাচে ৬ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে ৭ উইকেট নেন পেসার রনি। বাকি ৩ উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ। তিনিও ৬ ওভারে ১ মেডেন সহ ২০ রান দেন।

গাজী টায়ার্সের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন ইফতিখার সাজ্জাদ। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

Advertisement

গাজীর ছুঁড়ে দেওয়া মামুলি রান তাড়া করতে নেমে ১টি উইকেট হারায় মোহামেডান। ১২ বলে ১২ রান করে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। তার উইকেট শিকার করেন আরিফুল ইসলাম আকাশ।

শেষ পর্যন্ত ১৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ইমরুল কায়েস এবং ৫ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ দুজনের ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

দাপুটে এই জয়ে মোহামেডানের পয়েন্ট ১৪। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৭টিতে জিতেছে তারা। এতে সুপার লিগও সঙ্গে নিশ্চিত হয়ে গেছে ইমরুল-মেহেদীদের দলের। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পয়েন্ট ৯ ম্যাচে ৪। তারা রয়েছে ৯ নম্বরে।

অপরদিকে ৮ ম্যাচে টানা ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!