তুরিনের আলিয়াঞ্জ অ্যারেনাতে ২৫ মিনিটে লউতারো গিয়ানেত্তির গোলে এগিয়ে যায় সফরকারী উদিনেস। বাকি সময়ে আর সেই গোল পরিশোধ করতে পারেনি তুরিনের জায়ান্টরা।
আর্জেন্টাইন ডিফেন্ডার গিয়ানেত্তি গত মাসে উদিনেসে যোগ দেবার পর এটাই তার প্রথম গোল। এবারের মৌসুমে এ নিয়ে মাত্র তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করলো টেবিলের ১৫তম স্থানে থাকা উদিনেস।
.png)
রেলিগেশন জোন থেকে মাত্র তিন পয়েন্ট উপরে রয়েছে গাব্রিয়েলে সিওফির দল। গত সপ্তাহে ইন্টারের কাছে পরাজয়ের পর লিগে এটি জুভেন্টাসের টানা দ্বিতীয় পরাজয়।
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘দূর্ভাগ্যবশত: এই মুহূর্তে এটি আমাদের সেরা সময় না। আমাদের নিজেদের মনোযোগ ফিরিয়ে আনতে হবে। কারন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে হলে এখনো আমাদের অনেক পয়েন্ট সংগ্রহ করা বাকি আছে।’
এদিকে রোববার নাপোলিতে ১-০ গোলে পরাজিত করে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা এসি মিলানও জুভেন্টাসের ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে।