ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিলেট যাচ্ছেন সাকিব, খেলতে বাধা নেই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ২৫ জানুয়ারি ২০২৪
সিলেট যাচ্ছেন সাকিব, খেলতে বাধা নেই
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের রেটিনার সমস্যায় ভুগতে থাকেন সাকিব আল হাসান। এজন্য দশম বিপিএলে তার খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে বিপিএল শুরুর আগমুহূর্তে লন্ডনে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফিরে বিপিএলের একটি ম্যাচও খেলেন তিনি। কিন্তু জটিলতার সমাধান না হওয়ায় ফের মাঠের বাইরে যেতে হয় বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

সম্প্রতি চোখের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। সেখানে তিনজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এ কারণে ক’দিন আগে জানা গিয়েছিল, চোখের সমস্যার কারণে ধারণার চেয়েও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে স্বস্তির খবর হলো-এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না সাকিবের। চোখের চিকিৎসায় আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন তিনি।

বুধবার রাতে বিবৃতি দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘দেশি ও বিদেশি চক্ষুবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।’

Advertisement

রেটিনার এই ধরণের সমস্যায় সাধারণত দেখতে সমস্যা হয়। কোন পর্যায়ের সমস্যা হয় বিশদ ব্যাখ্যা না থাকলেও মেডিকেল বিভাগের এক সদস্য জানান, ‘আপাতত খেলায় কোন বাধা নেই।’

জানা গেছে, রংপুর রাইডার্স দলে যোগ দিতে আজই (বৃহস্পতিবার) সিলেট যাচ্ছেন সাকিব। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। সিলেট পর্বে মোট চার ম্যাচ খেলবে রংপুর।

এদিকে রংপুর রাইডার্স জানিয়েছে, সিলেটে দলে যোগ দিলেও সাকিবের খেলা নির্ভর করছে একান্ত তার ওপর। তিনি নিজে যদি স্বস্তি বোধ করেন তবেই মাঠে নামবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!