ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিলামেই কোটিপতি ক্রিকেটার, মা-বাবার জন্য কিনবেন গাড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ১০ ডিসেম্বর ২০২৩
নিলামেই কোটিপতি ক্রিকেটার, মা-বাবার জন্য কিনবেন গাড়ি
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সি এখনো গায়ে জড়ানোর সুযোগ হয়নি, এর আগেই কোটিপতি হয়ে গেলেন ভারতীয় নারী ক্রিকেটার বৃন্দা দিনেশ। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে ভারতীয় মুদ্রায় এক কোটি ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে ইউপি ওয়ারির্স।

জানা গেছে, অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য উঠেছে ২২ বছর বয়সী বৃন্দার।

নিলামে বৃন্দার দাম কোটি পেরিয়েছে, এটা যেন বিশ্বাসই হচ্ছিল না তার নিজেরই। তবে রাতারাতি ‘কোটিপতি’ হয়ে যাওয়া ব্যাটার এই টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করবেন। মা-বাবা অনেক কষ্ট করে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন জানিয়ে বৃন্দা বলেন, প্রথমেই তাদের (মা-বাবা) ‘স্বপ্নের গাড়ি’ উপহার দিতে চান।

Advertisement

মেয়েদের আইপিএলের নিলামে এবার বৃন্দাই প্রথম ক্রিকেটার, জাতীয় দলে অভিষেকের আগেই যার দাম কোটির অঙ্ক পেরিয়েছে। অবশ্য গুজরাট জায়ান্টস কাশভী গৌতমকে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকায় কিনলে অভিষেকের অপেক্ষায় থাকা সর্বোচ্চ দামের ক্রিকেটারদের তালিকায় দুই নম্বরে নেমে যান বৃন্দা।

কোটি টাকার মালিক হয়েছেন, এমন খবর জানাতে ব্যাঙ্গালুরুতে থাকা মাকে এখনো ভিডিও কল দেওয়ার সাহস হয়নি কর্নাটকের মারকুটে ব্যাটার বৃন্দার। কারণ? বৃন্দা জানালেন, মা-ও মতো তার মতো আবেগপ্রবণ। এমন অপ্রত্যাশিত আনন্দের সংবাদে তিনি হয়তো নিজের আবেগ ধরে রাখতে পারবেন না।

নিলামের সংবাদ যখন মাকে জানিয়েছেন, সে সময়কার অনুভূতি বর্ণনায় বৃন্দা বলেন, ‘মনে হলো, তিনি (মা) কেঁদে ফেলেছেন। আমি তাকে ভিডিও কল করিনি। কারণ আমি তার চোখে জল দেখতে পারব না। আমি তার সঙ্গে শুধু (ভয়েস) কলে কথা বলেছি। মনে হলো, তিনি ঠিকঠাক কথাও বলতে পারছিলেন না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!