সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। যেখানে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটিতে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে মেন ইন গ্রিনরা।
রোববার দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
.png)
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সাদ বেগ। ফলে হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে ২৫৯ রান সংগ্রহ করে ভারত।
ভারতীয় ওপেনার আদর্শ সিং ৬২ আর অধিনায়ক উদয় সাহারান করেন ৬০ রান। ইনিংসের শেষভাগে শচিন দাস ৪২ বলে খেলেন ৫৮ রানের ঝোড়ো ইনিংস। এ ইনিংসে ২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান এ ব্যাটার।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ জিশান।
জবাবে ২৮ রানে প্রথম উইকেট হারালেও এরপর আর তেমন বিপদে পড়েনি পাকিস্তান। ওপেনার শাহজাইব খান ৬৩ রান করে আউট হন। তৃতীয় উইকেটে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসেন আজান আওয়াইজ আর অধিনায়ক সাদ বেগ।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আওয়াইজ করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৩০ বলে ১০৫ রানের হার না মানা ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান এ ব্যাটার। আর অধিনায়ক সাদ ৫১ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন।