ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬, ২১ নভেম্বর ২০২৩
ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার
সূর্যকুমার যাদব। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই ক্ষতের দাগ শুকানোর আগেই ফের মুখোমুখি হচ্ছে দুদল। যেখানে ভারতের নেতৃত্ব ভার উঠেছে সূর্যকুমার যাদবের কাঁধে।

আগামী ২৩ নভেম্বর থেকে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এ সিরিজে মেন ইন ব্লুজদের নেতৃত্ব দেবেন সূর্যকুমার। 

এছাড়া রাহুল দ্রাবিড়ের জায়গায় ঐ সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। খবর দ্য হিন্দুর।

Advertisement

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার দিবাগত রাতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়ার চোট না সারায় নতুন অধিনায়ক বেছে নিয়েছে তারা। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ৩ ম্যাচে তার ডেপুটি করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। শেষ দুটিতে সহ-অধিনায়ক হিসেবে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার। 

ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে এই দলে রয়েছেন মাত্র ৩ জন। সূর্যকুমারসহ বাকি দুজন হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ঈশান কিষাণ। নেপথ্য কারণ জানিয়ে বিসিসিআই নির্বাচকরা বলেন, এই ত্রয়ী বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি। তাই তাদের টি-২০র স্কোয়াডে রাখা হয়েছে। আর বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ বাকি ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে যে দল খেলেছে সেই দলের অনেকে সুযোগ পেয়েছেন।

ভারতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে রিংকু সিংকে। থাকছেন তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মারাও। ফের স্কোয়াডে ফিরেছেন আর্শদ্বীপ সিং। রয়েছেন মুকেশ কুমারও। মূলত ২০২৪ টি-২০ বিশ্বকাপ মাথায় রেখে দল সাজিয়েছে বিসিসিআই। তরুণ পরখ করে দেখতে চাচ্ছে তারা।

ভারত ও অস্ট্রেলিয়া আগামী ২৩ নভেম্বর থেকে টি-২০ সিরিজ শুরু করবে। ৩ ডিসেম্বর শেষ হবে ঐ সিরিজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!