ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চীনে আসছে মেসির ইন্টার মিয়ামি, প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ অক্টোবর ২০২৩
চীনে আসছে মেসির ইন্টার মিয়ামি, প্রতিপক্ষ যারা
ছবি- ফেসবুক থেকে নেয়া

ইউরোপ অধ্যায় শেষে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দেন লিওনেল মেসি। এরপর ক্লাবটির জার্সিতে একটি শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি। অবশ্য ইউএস ওপেন কাপের ফাইনালে তীরে এসে তরী ডুবিয়েছে গোলাপি শিবির।

ফিফা উইন্ডোর শিডিউলে চলতি বছরের মাঝামাঝিতে চীনে এসেছিলেন মেসিরা। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। বছর না ঘুরতেই আবারো চীনে পা রাখবেন এলএমটেন। তবে সেটি জাতীয় দলের জার্সিতে নয়, বরং মিয়ামির হয়ে।

আগামী নভেম্বরে এশিয়া সফর করবে ইন্টার মিয়ামি। তাদের এ সফর শুধুমাত্র চীনেই সীমাবদ্ধ থাকবে। মৌসুম পরবর্তী এ সফরে তারা মাত্র দুটো ম্যাচ খেলবে। গত রোববার ইন্টার মায়ামি এ তথ্য জানিয়েছে।

Advertisement

মেজর সকার লিগের (এমএলএস) অভিযান শেষ হওয়ার পরপরই এ সফরের পরিকল্পনা করেছে মায়ামি। সফরে ৫ নভেম্বর তারা চীনের সুপার লিগের দল কুইংডাও হাইনিউ এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৮ নভেম্বর। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেংডু রংচেং।

সফরের তথ্য জানিয়ে মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেন্সি বলেন, ‘আমাদের ক্লাবের এই সফর পরিকল্পনা করতে পেরে আমরা গর্বিত। চীনের বিপুল সংখ্যক সমর্থকের সামনে আমরা আমাদের দলকে নিয়ে যাচ্ছি। নতুন সমর্থকদের সামনে দলকে পরিচয় করিয়ে দেওয়ার দারুণ এক সুযোগ এটি। আমরা এই সফরের জন্য উম্মুখ হয়ে অপেক্ষা করছি।’

মেজর সকার লিগে এফসি সিনসিনাতির কাছে হেরে মায়ামি প্লে অফ থেকে বাদ পড়ে। তবে মেজর সকার লিগে এখনো তাদের দুটো ম্যাচ বাকি রয়েছে। বুধবার ও শনিবার ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!