চলমান বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজনের পর থেকেই সমালোচনায় পড়ে ধর্মশালার স্টেডিয়ামটি। নয়ন জুড়িয়ে যাওয়া সৌন্দর্য যে মাঠের, সেখানকার ঘাসটাই কিনা আর্টিফিশিয়াল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ আউটফিল্ডকে সঙ্গী করেই মঙ্গলবার (৯ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড।
তবে সমালোচিত এই স্টেডিয়াম নিয়ে কোনো আপত্তি কিংবা অভিযোগ নেই বাংলাদেশের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ধর্মশালার আউটফিল্ড নিয়ে কথা বলেছেন টাইগারদের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এমন আউটফিল্ড থেকেও ক্রিকেটারদের সেরাটা চাচ্ছেন তিনি।
.png)
হেরাথ বলেন, ‘আমরা কোনো কিছুতে সীমাবদ্ধতা আনতে চাই না। কারণ সীমা বেঁধে দিলে ক্রিকেটাররা তাদের শতভাগ দেবে না। আমি নিশ্চিত তারা আগের ম্যাচে ভালো করেছে। এমন আউটফিল্ড থেকে আমরা চাচ্ছি তারা যেন নিজের সেরাটা দেয়।’
রঙ্গনা হেরাথ আরও বলেন, ‘আমি মনে করি আইসিসি আউটফিল্ড নিয়ে অনেক কাজ করেছে। যেহেতু এটি স্ট্যান্ডার্ড বজায় রেখেছে, তাই আইসিসি ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। সুতরাং, আমি এই আউটফিল্ড নিয়ে খুশি।’