আসন্ন বিশ্বকাপে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের খেলা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। আর এ কারণে খানিকটা বিপাকে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে উইলিয়ামসনকে নিয়ে এখনও আশাবাদী তারা। এজন্য তাকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কিউই বোর্ড।
এমনটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠতে হলে এখনও অনেকটা উন্নতি করতে হবে উইলিয়ামসনকে। তবে অধিনায়ককে পেতে চেষ্টার কমতি থাকবে না দলের পক্ষ থেকে।
.png)
কিউই কোচ বলেন, ‘এখন থেকে আর সপ্তাহ দুয়েক আছে আমাদের দল ঘোষণা করার জন্য। আমরা তাকে সবটুকু সুযোগই দিতে এবং এই সময়ের পুরোটা কাজে লাগাতে চাই।’
গত ৩১ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে হাঁটুতে ভয়াবহ চোট পান উইলিয়ামসন। পরে দ্রুতই দেশে ফিরে অস্ত্রোপচার করানো হয় তার। তখন ধারণা করা হয়েছিল, ভারত বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না।
তবে সময়ের সঙ্গে বেশ দ্রুত উন্নতি করতে থাকেন উইলিয়ামসন। সম্প্রতি নেটে ব্যাটিংয়ে ফেরেন তিনি। তাই বিশ্বকাপে তাকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে।
গ্যারি স্টেড বলেন, ‘সে (উইলিয়ামসন) এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। নেটে ব্যাটিং করছে, যা দারুণ ব্যাপার। বেশ ভালোভাবেই অগ্রগতি হচ্ছে তার। তবে এটাও বলতে হবে, আমরা তাকে যেখানে দেখতে চাই, সেখানে যেতে হলে এখনও অনেক কাজ বাকি আছে তার।’