ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ৪৪ ট্রফি নিয়ে শীর্ষস্থানে আছেন লিওনেল মেসি। তার আগে ৪৩ ট্রফি নিয়ে সাবেক সতীর্থ দানি আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন। তবে এখন শীর্ষস্থানের মুকুটটি শুধুই মেসির।
এদিকে শিরোপার রাজা হওয়ায় ফুটবল জাদুকরকে নিয়ে একটি গান বানিয়েছেন কলম্বিয়ান র্যাপার মালুমা। ‘ট্রফি’ শিরোনামের টাইটেল মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন তিনি।
.png)
ট্রফি’র ৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে দেখা গেছে মেসিকেও। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ড্রাইভ পিংক স্টেডিয়ামে প্রবেশ করেন।
অন্যদিকে বার্সেলোনা কিংবদন্তিকে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। র্যাপারের হাতে ট্রফি দিয়ে তার সঙ্গে আলিঙ্গন করার পর সাতবারের ব্যালন ডি’অর জয়ী চলে যান। সেই ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক হাতে উঁচিয়ে ধরেন মালুমা।
এর আগে মালুমা গানের শুরুটা করেন পুয়ের্তো রিকোর র্যাপার ইয়ান্ডেলের সঙ্গে যৌথভাবে। দুই র্যাপারের গান করার সময় তাদের পেছনে নাচতে দেখা যায় বেশ কয়েক জন নৃত্যশিল্পীকেও। ভিডিওর দৃশ্যধারণ গত ৪ আগস্ট করা হয়েছে বলে জানা গেছে। সেদিন লিগস কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩–১ গোলে হারানোর পরেই মেসি এই ভিডিওতে অংশ নিয়েছিলেন।
সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করে মালুমা লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা।’ সঙ্গে গোটের একটি ইমোজিও দিয়েছেন কলম্বিয়ান র্যাপার।