ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পের জন্য রিয়ালের শেষ চেষ্টা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ২২ আগস্ট ২০২৩
এমবাপ্পের জন্য রিয়ালের শেষ চেষ্টা
কিলিয়ান এমবাপ্পে

সবকিছুরই একটা শেষ থাকে। তবে এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদ নাটকের বোধহয় সেটা নেই। ২০১৮ সালের পর থেকে বারবার শোনা গেছে একই গুঞ্জন। তবে এমবাপ্পে যেমন পিএসজি ছাড়েননি, রিয়াল মাদ্রিদও তাকে ছাড়াই একের পর এক সাফল্য পেয়েছে। যদিও এবার সেই নাটকের অবসান করতে চায় লস ব্লাঙ্কোসরা। 

ফুটবল বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবিটা অন্তত এমনই। এমবাপ্পের জন্য শেষ চেষ্টা হিসেবে নাকি ১২০ মিলিয়ন ইউরোর বড়সড় প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে স্প্যানিশ ক্লাবটির। এমন খবরই প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। তবে এই বিডের পেছনেও আছে অন্যরকম এক হিসেব। 

খুব দ্রুত এই প্রস্তাব পাঠাতে নারাজ লস ব্লাঙ্কোসরা। এই প্রস্তাবের পর পিএসজির সঙ্গে বাড়তি বনিবনায় জড়াতে চায় না রিয়াল মাদ্রিদ। তাই দলবদলের দিনক্ষণ শেষের আগেই এই প্রস্তাবনা দেওয়া হবে। সেপ্টেম্বরের ১ তারিখ শেষ হচ্ছে দলবদলের এবারের সুযোগ। 

Advertisement

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছেন, এমন বার্তার পর থেকেই চলছে এমবাপ্পের দলবদল গুঞ্জন। এমবাপ্পে চিঠি দিয়ে পিএসজিকে জানিয়ে দেন, ২০২৩-২৪ মৌসুমের পর আর চুক্তি নবায়ন করবেন না।

পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। চুক্তির শর্ত অনুযায়ী এমবাপ্পে চাইলে এক বছরের জন্য এটা বাড়াতে পারবেন। তবে চুক্তি নবায়ন করা বা না করার বিষয়টি জানাতে হতো এ বছরের জুনের মধ্যে।

এমবাপ্পে ক্লাবে থাকছেন না জানার পরই তাকে বিক্রির চেষ্টা চালাতে থাকে পিএসজি। ফ্রি ট্রান্সফারে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়ার ইচ্ছে নেই তাদের। এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরো চাইছে ক্লাবটি। অন্যদিকে মেয়াদ পূর্ণ না করে ক্লাব ছাড়তে চান না এমবাপ্পে।

এক্ষেত্রে ক্লাব থেকে বাড়তি বোনাসও পাবেন তিনি। এসব জটিলতার মাঝে এমবাপ্পেকে ছাড়াই এশিয়ায় নিজেদের প্রাক মৌসুমের প্রস্তুতি শেষ করে প্যারিসের ক্লাবটি। এমনকি তাকে ছাড়াই মৌসুম শুরু করে তারা। শেষ পর্যন্ত বহু জল ঘোলা করে অবশ্য এমবাপ্পে প্যারিসে থেকে যাবার সিদ্ধান্ত নেন। 

কিন্তু, রিয়াল মাদ্রিদের এই প্রস্তাবের গুঞ্জনে হয়ত সেই সিদ্ধান্ত নিয়ে আবার ভাবতে বাধ্য হবেন এমবাপ্পে। শেষপর্যন্ত ফ্রান্সের এই তারকা রিয়াল মাদ্রিদে যাবেন কিনা তার সিদ্ধান্ত জানা যেতে পারে দলবদলের শেষ দিনে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!