ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ শুরু হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:১৭, ২২ আগস্ট ২০২৩
আজ শুরু হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি

শ্রীলংকার মাটিতে আজ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দু’দল।

এজন্য দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সিরিজে সাফল্য পেতে বদ্ধপরিকর পাকিস্তান ও আফগানিস্তান উভয় দলই। আফগানিস্তানের হোম সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না হওয়ায় এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

Advertisement

এদিকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এবারই প্রথম দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। এর আগে এক ম্যাচের সিরিজ খেলেছিলো তারা।

২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিলো দু’দলের মধ্যকার প্রথম সাক্ষাৎ। এরপর এশিয়া কাপে দু’বার ও গত বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিলো দু’দল। সর্বমোট চারবারের দেখায় সবগুলোাতেই জয় পায় পাকিস্তান।

এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতেই বেশি মনোযোগী পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আগামী সপ্তাহেই এশিয়া কাপ শুরু। এশিয়া কাপের প্রস্তুতি এই সিরিজ থেকে নিতে হবে। আশা করছি তিন বিভাগেই ভালো খেলবে ছেলেরা।’

পাকিস্তানের মত একই লক্ষ্য আফগানিস্তানেরও। দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেন, ‘এশিয়া কাপের আগে ওয়ানডে সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে ভালো করতে হলে নিজেদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’

এ বছরের মার্চে টি-২০তে সর্বশেষ মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও আফগানিস্তান। আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো আফগানরা।

সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ২৪ ও ২৬ আগস্ট। ওয়ানডে সিরিজ শেষে এশিয়া কাপের জন্য পাকিস্তান উড়াল দিবে দু’দল। লাহোরে ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এবং ৫ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। মুলতানে ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।

আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আবদুল রহমান, মোহাম্মদ সেলিম সাফি এবং ওয়াফাদার মোমান্দ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাম-উল-হক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, তায়েব তাহির, উসামা মির, মোহাম্মদ নওয়াজ ও সৌদ শাকিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!