প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে অ্যালান শিয়ারার, ওয়েন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গী মোহামেদ সালাহ। এবার তার সুযোগ ছিল রেকর্ডটি একার করে নেয়ার। কিন্তু লিভারপুলের মিশরীয় এই তারকা তা পারেননি।
রোববার চেলসির মাঠে মৌসুম শুরুর ম্যাচে ১-১ গোলে ড্র করে লিভারপুল। এ ম্যাচে গোল না পাওয়া সালাহকে ৭৭ মিনিটে তুলে নেন ক্লপ। কোচের সেই সিদ্ধান্ত যে ভালো লাগেনি, তা সালাহর শরীরী ভাষা দেখেই স্পষ্ট বোঝা গেছে। তবে তার এই আচরণে আপত্তির কিছু দেখছেন না ক্লপ।
.png)
ম্যাচ শেষে কোচ বললেন, দলের প্রয়োজনের তাগিদেই এই ফরোয়ার্ডকে তুলে নেন তিনি।
ক্লপ বলেন, ‘তার (সালাহ) সঙ্গে আমার এখনও কথা হয়নি এটা নিয়ে। এই ম্যাচে সে গোল করতে পারলে রেকর্ড হতো না কি হাবিজাবি, এসব আমি জানতাম না। তার হতাশা আমি বুঝতে পারছি।’
অল রেডস কোচ বলেন, ম্যাচটি সবার জন্যই তীব্রতায় ভরপুর ছিল। এই মুহূর্তে এটুকুই বলতে পারি। তার যে আচরণ ছিল, তাতে কোনো সমস্যা নেই।
লিভারপুল কোচ আরো বলেন, ‘এই ম্যাচে অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, কিছু ব্যাপার আবার ভালো লাগেনি। তবে কঠিন একটি জায়গায় মৌসুমের প্রথম ম্যাচ, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি।’