ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিদির বিশেষ ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ১৬ জুলাই ২০২৩
আফ্রিদির বিশেষ ‘সেঞ্চুরি’
ছবি- সংগৃহীত

গত বছর গল টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করতে পারতেন শাহিন আফ্রিদি। তবে ইনজুরি সেই অপেক্ষা যেন বাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। এবারো স্বপ্ন পূরণের মঞ্চ সেই গলই। তবে এবার সেই বর্ণিল সুযোগ হাতছাড়া করলেন না পাকিস্তানের তারকা এ পেসার।  

রোববার গল টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলংকা-পাকিস্তান। যেখানে টেস্ট ক্যারিয়ারের ৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন শাহিন। আর মাঠে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন এ বাঁহাতি পেসার। 

শাহিনের করা ওভারের প্রথম বল থেকে নিশান মধুষ্কা রান করতে পারেননি। ঠিক তার পরের বলেই মধুষ্কাকে ফাঁদে ফেলেন শাহিন। ফুটওয়ার্ক ঠিকমতো না হওয়ায় লংকান ওপেনারের ব্যাট ছুঁয়ে তা চলে যায় উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে। এতে ক্যারিয়ারের ২৬ টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন শাহিন। সেঞ্চুরির পর তিনি নিয়েছেন কুশল মেন্ডিসের উইকেটও। টেস্টে তার উইকেট সংখ্যা এখন ১০১টি।

Advertisement

১৯তম পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে ১০০ বা তার বেশি উইকেট নিয়েছেন শাহিন। ৪১৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ওয়াসিম আকরাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৩ উইকেট নিয়েছেন ওয়াকার ইউনিস। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান ক্রিকেটের অভিজাত সংস্করণে ৩৬২ উইকেট নিয়েছেন। পাকিস্তানি বোলারদের মধ্যে এই তিনজনই ৩০০ এর বেশি উইকেট পেয়েছেন টেস্টে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!