ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শততম টেস্টের আগে সুখবর পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ৫ জুলাই ২০২৩
শততম টেস্টের আগে সুখবর পেলেন স্মিথ
ছবি- সংগৃহীত

হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এটি ক্যারিয়ারের শততম টেস্ট হতে যাচ্ছে অজি ব্যাটার স্টিভ স্মিথের। তবে সাদা পোশাকে নতুন মাইলফলক স্পর্শের আগেই সুখবর পেলেন অজিদের সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি টেস্টে সাপ্তাহিক র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ব্যাটারদের তালিকায় দারুণ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথের। 

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন স্মিথ। যা অস্ট্রেলিয়ার এই ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের ৩২ তম সেঞ্চুরি। আর দ্বিতীয় ইনিংসে করেন ৩৪ রান। ১৪৪ রান করে অ্যাশেজের এই দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। এর মধ্য দিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ছয় নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন এ ডানহাতি ব্যাটার। 

Advertisement

অন্যদিকে লর্ডসে জো রুট করেছেন ২৮ রান। হতশ্রী পারফরম্যান্সের পর শীর্ষস্থান হারিয়েছেন তিনি। চার ধাপ পিছিয়ে এখন র‍্যাংকিংয়ের পাঁচে ইংল্যান্ডের এই ব্যাটার। রুট সিংহাসনচ্যুত হওয়ায় শীর্ষে উঠেছেন কেইন উইলিয়ামসন। এবারের আইপিএলে চোটে পড়ে বিশ্বকাপটাই ঝুঁকিতে ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। 

লর্ডস টেস্টে ঝোড়ো সেঞ্চুরি করা ইংল্যান্ড দলপতি বেন স্টোকসেরও উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

টেস্টে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক ধাপ করে এগিয়েছেন স্টোকস ও রুট। স্টোকস এখন চার নম্বরে ও সাতে আছেন রুট। তাছাড়া অলরাউন্ডার র‍্যাংকিংয়ের সেরা তিনে কোনো জায়গা পরিবর্তন হয়নি। এক, দুই ও তিনে আছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও সাকিব আল হাসান।

এছাড়া বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন প্যাট কামিন্স। লর্ডস টেস্টে চার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বোলার। বোলিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অশ্বিন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!