ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেলফি তুলতে চাওয়া ভক্তকেই বিয়ে করলেন নারী টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ৩১ মে ২০২৩
সেলফি তুলতে চাওয়া ভক্তকেই বিয়ে করলেন নারী টেনিস তারকা
ছবি- সংগৃহীত

অনেকটা শখের বসেই সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন টেনিস তারকার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। অবশেষে সেই ভক্তকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন বিশ্বসেরা নারী টেনিস তারকা গার্বাইন মুগুরুজা। 

সামাজিক মাধ্যমে আর্থার বোর্হেসের সঙ্গে আঙটি বদলের কথা নিজেই ঘোষণা করেন ২৯ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা।

সবশেষ ২০১৬ সালে ফরাসি ওপেনের খেতাব জেতেন মুগুরুজা। এরপর ২০১৭ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল উঠেও শিরোপার লড়াইয়ে হেরে যান তিনি। 

Advertisement

তবে কখনোই যুক্তরাষ্ট্র ওপেনে চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি গার্বাইন। অথচ ২০২১ সালে সেই যুক্তরাষ্ট্র ওপেন খেলতে গিয়েই আর্থারের সঙ্গে দেখা হয় মুগুরুজার।

গার্বাইন যাকে বিয়ে করছেন, টেনিস জগতের সঙ্গে  তার কোনো সম্পর্কই নেই। আর্থার মূলত কাজ করেন মডেল হিসেবে। টেনিসের সঙ্গে যোগাযোগ নেই বলেই আর্থারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে জানান ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ের সাবেক এই টেনিস তারকা।

কীভাবে দেখা হয়েছিল আর্থারের সঙ্গে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার হোটেলটি সেন্ট্রাল পার্কের কাছেই ছিল। বিরক্ত লাগছিল বলেই ভাবলাম একটু হেঁটে আসি। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় ওর (আর্থারের) পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ ও ঘুরে তাকায় এবং বলে, ইউএস ওপেনের জন্য শুভকামনা রইল। ওকে দেখেই আমার মনে হয়েছিল যে, ওয়াও, দারুণ হ্যান্ডসম তো।’

তারপর সেন্ট্রাল পার্কে হাঁটতে বেরিয়ে একাধিকবার দু’জনে দেখা করেন এবং সেখান থেকেই সম্পর্ক গাঢ় হয় ক্রমশ গার্বাইন-আর্থারের। শেষমেশ বোর্হেসই বিয়ের প্রস্তাব দেন মুগুরুজাকে।

গার্বাইন বলেন, ‘যখন ও প্রস্তাব দেয়, অদ্ভুত লাগছিল। আমি অন্য কিছু ভাবছিলাম এবং সে (আর্থার) আমাকে প্রোপোজ করে। আমি কেঁদে ফেলি। ভেবে পাচ্ছিলাম না কীভাবে প্রতিক্রিয়া জানাব। কাঁদতে কাঁদতেই হ্যাঁ বলি। দারুণ রোমান্টিক মুহূর্ত ছিল সেটি।’

উল্লেখ্য, দুটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গল ছাড়াও মুগুরুজা ২০২১ সালে ট্যুর ফাইনালসের খেতাব জিতেছেন। টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠেন তিনি। ২০১৫ সালে ডাবলসে ট্যুর ফাইনালসের শিরোপার মঞ্চেও উঠেছিলেন। পাশাপাশি উইমেন্স ডাবলসে ২০১৬ অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল খেলেন তিনি। তবে ডাবলসে কোনো গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে উঠতে পারেননি মুগুরুজা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!