ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপা জিতিয়ে চাকরি ছাড়ছেন নাপোলি কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ২৩ মে ২০২৩
শিরোপা জিতিয়ে চাকরি ছাড়ছেন নাপোলি কোচ
ছবি- সংগৃহীত

সিরি আ’তে দীর্ঘ ৩৩ বছরের আক্ষেপ ঘুঁচে লিগ শিরোপা ঘরে তোলে নাপোলি। এরপর টানা কয়েকদিন শিরোপা জয়ের আনন্দে মাতেন নেপলসবাসী। অবশ্য ম্যারাডোনার পর পিছিয়ে পড়া নাপোলিকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছেন ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি। এবার নেপলসদের ডেরা ছাড়ছেন তিনি নিজেই।

চলতি মৌসুম শেষে নাপোলিকে বিদায় বলবেন স্পালেত্তি। নেপথ্যে ওঠে এসেছে ক্লাব সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন।

এর আগে দলবদলবিষয়ক ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমারকাতো জানায়, প্রায় ২৫ শতাংশ বেতন বাড়িয়ে স্পালেত্তিকে ২০২৫ সালের জুন পর্যন্ত রেখে দিচ্ছে নাপোলি। ক্লাবের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া চিয়াভেল্লিকে নিয়ে স্পালেত্তির সঙ্গে ডিনারে বসেছিলেন লরেন্তিস। ডিনার শেষে স্পালেত্তির চুক্তি নবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Advertisement

রোববার রাতে ইন্টার মিলানকে ৩–১ গোলে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসানোর পর দুঃসংবাদ দিয়েছেন স্পালেত্তি। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে (নাপোলি ছেড়ে যাওয়া) সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি প্রতিদিন মানসিকতায় বদল আনতে পারেন না। এটা এমন এক পরিস্থিতি, যার ফন্দি অনেক দিন ধরে আঁটা হচ্ছে।’

শিরোপা জিততে বড় বড় সব কোচদের ডাগআউটে এনেছিল নাপোলি কর্তৃপক্ষ। ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তিকেও আনা হয়েছিল। তবে তাদের ভাগ্য ফিরেছে স্পালেত্তির হাত ধরে। কিন্তু নিজের সবটুকু নিংড়ে দিলেও তিনি ক্লাব সভাপতি লরেন্তিসের মন জিততে পারেননি।

নাপোলি কোচের মন্তব্যে জানা গেছে, ‘সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কিছু বিষয় মনের ভেতর পরিপক্ক হয়েছে। কারণ, সব সময় এটা নিয়েই পড়ে থাকতে হয়েছে। মানুষের (নাপোলির সমর্থকদের) যা প্রাপ্য, সেটা দিতে সবকিছু করতে হয়েছে। এরপরও যদি (সভাপতিকে) সন্তুষ্ট করতে না পারি, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখাই ঠিক হবে। আমি এটা নিয়ে ভেবেছি, উপসংহারে পৌঁছেছি এবং এই সিদ্ধান্তেই অবিচল আছি। এটা হঠাৎ আকাশ থেকে উড়ে এসে পড়েনি।’

এরই মধ্যে নাপোলির নতুন কোচ খুঁজতেও শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে দলটির দায়িত্ব সামলানো বেনিতেজকে স্পালেত্তির জায়গায় আনা হতে পারে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম। লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ বেনিতেজ এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নাপোলির দায়িত্বে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: নাপোলি
লিংক সফলভাবে কপি হয়েছে!