বৃহস্পতিবার ১১ মে ইংল্যান্ড থেকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এশিয়া কাপের ভেন্যুর ব্যাপারে জালাল বলেন, ‘৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না কারণ অনেক গরম সেখানে। এটাই আর কিছু না। আমরা ভেন্যু নিয়ে কিছু বলিনি। আমাদের সামনে বিশ্বকাপ আছে।
আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। ৫০ ওভারের ম্যাচ আমরা সেখানে খেলতে চাচ্ছি না। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে, সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।’
.png)
বিসিবির শীর্ষ এই কর্তা জানালেন এশিয়া কাপের সিদ্ধান্ত এখন এসিসির ওপর। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন এশিয়া কাপ হবে, 'এশিয়া কাপ হবে, নিশ্চয় হবে। কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ আসতে হবে। ওই কম্প্রোমাইজ সিসুয়েশনটা তাদের মধ্যে কোথায় চলছে এখনো আলাপ আলোচনা চলছে। মূলত তাদের মধ্যে ভেন্যু নিয়ে আলোচনা চলছে। ফাইনালি কোথায় করবে এটা তো এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের চাওয়া ছিল আমরা গরমে খেলতে চাই না, এটা বাদ দিলে আমাদের কোনো আপত্তি ছিল না। এখন কোথায় কি খেলা হয় কিভাবে খেলা হয় সেটা এসিসি সিদ্ধান্ত নেবে।'