আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের মাঝে হঠাৎই ঢাকায় কি করছেন সাকিব-লিটন-মুস্তাফিজরা? এমন প্রশ্ন ঘুরছে ক্রিকেট পাড়ায়।
মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে খেলার কথা রয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। এ তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। অবশ্য বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় কবে নাগাদ তারা আইপিএলে যোগ দিচ্ছেন সেটা এখনো নিশ্চিত নয়।
.png)
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ শেষে ঢাকায় রওনা দিয়েছেন সাকিব-লিটন-মুস্তাফিজরা। এদিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। অবশ্য কাজ শেষে বৃহস্পতিবারই আবার তারা চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। সেসময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আর সে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগটির শুরুর দিকে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব-লিটনরা।
তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, এরই মধ্যে বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন বাংলাদেশি ক্রিকেটাররা।
ধারণা করা হচ্ছে তিন ক্রিকেটারই গেছেন ভারতের ভিসার কাজ সম্পন্ন করতে। এদিকে, গুঞ্জন রয়েছে আজই নাকি সিদ্ধান্ত হয়ে যাবে কবে নাগাদ সাকিব-লিটন কলকাতার বিমান ধরবেন। সেক্ষেত্রে বোর্ডের উচ্চমহলের সঙ্গেও একটা বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে।
এদিকে সাকিব-লিটনের আইপিএল যাওয়া নিয়ে বিপত্তি থাকলেও মুস্তাফিজের জন্য সেরকম কোনো বিপত্তি নেই। কেননা টাইগার এই পেসার লাল বলের ক্রিকেটে না থাকায় নিদিষ্ট সময়েই যেতে পারবেন আইপিএলে।