বিশ্বসেরার ট্রফিটি জিতলেও র্যাংকিংয়ের শীর্ষস্থান পায়নি আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে থেকেই সেটি ব্রাজিলের দখলে। বিশ্বকাপ পরবর্তী হালনাগাদেও যা ধরে রেখেছিল সেলেসাওরা। তবে চার মাস পর আলবিসেলেস্তেদের সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। এপ্রিলের শুরুতেই ফিফা থেকে এমন সুখবর পাবে আকাশী-সাদারা।
বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটছে আর্জেন্টিনার। চলতি সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। যেখানে প্রীতি ম্যাচ ছাপিয়ে আরেকবার যেন চ্যাম্পিয়ন উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য পায় দেশটি। তবে মধুর এমন আবহের মধ্যেও একটা খচখচানি থেকেই যাচ্ছে। আর তা হচ্ছে ফিফা র্যাংকিং।
.png)
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এরপর সর্বশেষ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরে গেছে তারা। এতকিছুর পরেও এখনো র্যাংকিংয়ে শীর্ষে সেলেসাওরা।
অন্যদিকে কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র্যাংকিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যা মেনে নেয়া কঠিনই। তবে সুখবর হচ্ছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র্যাংকিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা।
এমন দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’। এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র্যাংকিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে চলে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি সংবাদমাধ্যমটির।
অন্যদের তুলনায় ফিফার র্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র্যাংকিংয়ে অবস্থানসহ আরো কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এ হিসেবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র্যাংকিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
আর তাই বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাংকিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে ক্লারিন। অন্যদিকে ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র্যাংকিংয়ের দুইয়ে আর্জেন্টিনা।
পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট। এরপর কুরাকাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র্যাংকিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে।
এছাড়া দুইয়ে জায়গা করে নেবে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। ছয় বছর পর আবারো শীর্ষে ওঠে আসার হাতছানি তাদের সামনে।