কাতার বিশ্বকাপ জয়ের পর পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে অখ্যাত দেশ কুরাকাওয়ের মুখোমুখি হবেন মেসি-ডি মারিয়ারা।
দক্ষিণ ক্যারিবিয়ান সাগর ও ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ কুরাকাওয়ের জনসংখ্যা মাত্র ১ লাখ ৫২ হাজার। দেশটির ফুটবল ঐতিহ্য খুব সমৃদ্ধ না হলেও বেশ পুরনো। ১৯২৪ সালে দেশটিতে ফুটবল শুরু হয়। সেখানে আধুনিক ফুটবল প্রবেশ করে ২০১১ সালে। একই বছর ফিফার পূর্ণ সদস্যপদ পায় কুরাকাও।
.png)
কুরাকাওয়ের সবচেয়ে বড় সাফল্য ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল কুরাকাও। মেসিদের এই প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।
তবে বাছাইপর্ব একদম খারাপ যায়নি তাদের। নিজ অঞ্চলে ৬ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র করেছে ২টি, হার মাত্র ১ ম্যাচে। সবকিছুর পুরস্কারও পেয়েছে। আর্জেন্টিনার নজরে আসার চেয়েও বড় বিষয় ফিফা র্যাংকিংয়ে তাদের বর্তমান অবস্থান ৮৬।
অবশ্য সম্প্রতি দলটির সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালে ৮ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে তারা, ড্র করেছে ২টিতে এবং হেরেছে বাকি ৫ ম্যাচে। আর আর্জেন্টিনার বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে নামার আগেও ধাক্কা খেয়েছে দলটি।
কনকাকাফ নেশনস লিগের ম্যাচে কানাডার কাছে ২-১ গোলে হেরেছে কুরাকাও। এখন বিশ্বজয়ী আর্জেন্টিনার চ্যালেঞ্জ মোকাবিলায় তারা কোন কৌশলে খেলবে, সেটাই দেখার অপেক্ষা।