ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ১৩ মার্চ ২০২৩
আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন যিনি
ফাইল ছবি

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এর আগে গত ডিসেম্বরেও আইসিসির মাস সেরা ছিলেন ২৪ বছর বয়সী এ ব্যাটার। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে আজ দুজনের নাম ঘোষণা করা হয়েছে।

ফেব্রুয়ারির সেরা ক্রিকেটারের মনোনয়নে ব্রুকের সঙ্গে ছিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও দর্শকের বেশির ভাগ ভোট পড়েছে ব্রুকের বাক্সে।

Advertisement

ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন ব্রুক। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডেতে ৬ রানের বেশি করতে পারেননি। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ছিলেন দুর্দান্ত।

চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন ব্রুক, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের ইনিংস। ২৪ চার আর ৫ ছয়ে গড়া ইনিংসটি এসেছিল ইংল্যান্ড ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর। 

ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটের তরুণ প্রতিনিধি হওয়ার আরেক স্মারক ছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংস, যেখানে ১৫ চার ও ১ ছয়ে খেলেন ৮১ বলে ৮৯ রানের ইনিংস। এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করে ডিসেম্বরে সেরা হয়েছিলেন তিনি। সেই সিরিজে ৯৩.৬০ গড়ে করেছিলেন ৪৬৮ রান।

মাত্র দেড় বছর আগে টেস্ট ক্রিকেটে পা রাখা ব্রুক সর্বশেষ তিন মাসের মধ্যে দুবার মাস সেরার স্বীকৃতি পেয়ে দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!