ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

‘চেষ্টা’ নয়, বড় কিছু করতে চান এবাদত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ১৬ আগস্ট ২০২২
‘চেষ্টা’ নয়, বড় কিছু করতে চান এবাদত
এবাদত হোসেন

অভিষেকের পর থেকেই লাল বলের ক্রিকেটারের তকমা নিয়ে খেলে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য এবাদত হোসেন। তবে সাদা বলের ক্রিকেটেও তিনি যে কার্যকরী হতে পারেন, সেটা দেখিয়েছেন এক সুযোগেই। আর নিয়মিত সুযোগ পেলে বড় কিছুই করতে চান এই পেসার।

ডানহাতি পেসার এবাদত হোসেন টেস্ট ক্রিকেটারের তকমা মুছে ফেলে অনেকদিন ধরেই নির্বাচকদের রাডারে রঙিন পোশাকের ভাবনায় ছিলেন। অবশেষে গত জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে ফরম্যাটে তার অভিষেক হয়। এবার আসন্ন এশিয়া কাপে টি-২০ দলেও ডাক পেয়েছেন তিনি।

তিন ফরম্যাটে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা এবাদতের কাছে স্বপ্নের মতো। তবে আত্মপ্রত্যয়ী এই পেসার শুধু চেষ্টাতেই ক্ষান্ত নন, করে দেখানোয় বিশ্বাসী। মঙ্গলবার ব্যক্তিগত অনু্শীলন শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এবাদত বলেন, ‘আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাব আরেক জিনিস। আমার জীবন থেকে আমি চেষ্টা করব এই জিনিসটা শেষ। আমি করে দেখাব, আমরা করব ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-২০ খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

টেস্ট থেকে ওয়ানডে হয়ে টি-২০, ভিন্ন ফরম্যাটে মানিয়ে নেয়া কঠিন হবে বলে মনে করছেন না সিলেটের এই ডানহাতি পেসার। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। টেস্টে সারাদিন বল করার একটা ব্যাপার থাকে আর টি-২০ হল শর্টার ফরম্যাট।’

এবাদত যোগ করেন, ‘এখানে মানিয়ে নেয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটসম্যানরা আগ্রাসী থাকবে। তো পরিকল্পনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!