ভালো কিছু করার চেষ্টা করব: এবাদত
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চলমান তিন ম্যাচ টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়ে অবস্তান করছে বাংলাদেশ দল। সিরিজের মধ্যভাগে এসে একের পর এক ইঞ্জুরীর হানা বাংলাদেশ স্কোয়াডে।
এ অবস্থায় বাকি দুই ম্যাচে দেশ থেকে ওপেনার নাঈম শেখ আর ডানহাতি পেসার এবাদত হোসেনকে জিম্বাবুয়ে উড়িয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার। যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবাদত। যেখানে জানিয়েছেন, এভাবে হঠাৎ ডাক পাওয়ায় অবাকই হয়েছেন তিনি।
এর কারণ অবশ্য সবার জানা। শুক্রবার একদিনের ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন টাইগারদের তিন ক্রিকেটার। ওপেনার লিটন কুমার দাস পেশির টানে সফর থেকে ছিটকে গেছেন। মুশফিকুর রহিমের হাতের চোট ততটা গুরুতর না হলেও ভাবতে হচ্ছে শরিফুল ইসলামকে নিয়ে।
যাবার আগে এবাদত জানান, ‘ডাক পাওয়াটা একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ্ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি।’
ডানহাতি পেসার আরো বলেন, ‘গত ২ বছর ধরে পেস বোলিং ইউনিট উন্নতির চেষ্টা করছে। তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, আমি, খালেদ- সবাই ভালো করছে। আমরা হাল ছাড়ব না। উন্নতির গ্রাফ আরো ওপরের দিকে নিয়ে যেতে চাই। ’