ভারতকে দেখে নেয়ার হুমকি জিম্বাবুয়ের
ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টানা ২ সিরিজ জিতে রীতিমত উড়ছেই না জিম্বাবুয়ে; মাঠে তাদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। ফলে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে তাদের দেখে নেয়ার হুমকিও দিয়ে দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
সম্প্রতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকার এ দেশটি সফর করছেন রাহুল-ধাওয়ানরা। আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে।
সিরিজ শুরুর আগে বারবার অতিথিদের এমন ‘সতর্কবার্তা’ দিচ্ছে জিম্বাবুয়ে। ক্রিকেট মাঠে নিজেদের বদলে যাওয়া রূপে ভারতকে ঝলসে দেওয়ার ইঙ্গিত মিলছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের কথায়।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া। সেই ছন্দ ভারতের বিপক্ষেও টেনে আনতে চান এই ব্যাটসম্যান, ‘আমি সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। সেঞ্চুরি করতে চাই। সোজাসাপ্টা পরিকল্পনা। এটাই আমার লক্ষ্য।’
ভারতের বিপক্ষে সিরিজের ফল কী হবে তা নিয়ে ভবিষ্যৎবাণীও করেছেন কাইয়া, ‘২-১ এ সিরিজ জিতবে জিম্বাবুয়ে। আমরা সিরিজ জিতব।’
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত এখন পর্যন্ত ১৩ বার জিম্বাবুয়ে সফর করেছে। যার মধ্যে মাত্র দুটি সিরিজে জয়ের মুখ দেখেছে জিম্বাবুয়ে। সবশেষ সাফল্য এসেছিল দুই দশকের বেশি সময় আগে, ২০০১ সালে।
বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ ও ওয়ানডেতে এই ব্যবধানেই সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে।
কাইয়া মনে করছেন, বাংলাদেশের মতো ভারতের বিপক্ষেও তারা ভয়ডরহীন ক্রিকেট খেলে সিরিজ জয় করতে পারবেন।