সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ
প্রথম একদিনের ম্যাচ হারের পর সিরিজ বাঁচাতে আগামীকাল রোববার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।
সিরিজে ফিরতে সব বিভাগে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর টাইগাররা।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় বাংলাদেশের।
২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচের হার বাংলাদেশকে হতাশ করেছে। কারণ ২ উইকেটে ৩০৩ রান করেও ম্যাচটি হারতে হয় তাদের। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে আট বল বাকি থাকতেই ৩০৪ রানের বিশাল টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে।
ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ১০৯ বল খেলে অপরাজিত ১৩৫ রান করেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া কাইয়া ১১০ রানে আউট হন।
এদিন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করে। চার ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি। তবে ব্যাটিং উপযোগি উইকেটে ধীরলয়ে ব্যাট করেছেন অধিনায়ক তামিম। ৮৮ বল খেলে ৬২ রান করেন তিনি। হারের কারণ হিসেবে গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করার জন্য ফিল্ডারদের দায়ী করেন তামিম।
শেষদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। শেষ পাঁচ ওভারে সাত উইকেট হাতে রেখে মাত্র ৩৯ রান করে বাংলাদেশ।
আহত হয়ে অবসর নেবার আগে ৮৯ বলে ৮১ রান করেন লিটন দাস। তার ফেরার পরই বাংলাদেশের অবস্থা খারাপ হতে থাকে। ইনজুরিতে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইনফর্ম লিটন।