ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

১৮ বছর নিজের যে পরিচয় গোপন রেখেছেন ব্রাজিলের এই রেফারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৩, ১০ জুলাই ২০২২
১৮ বছর নিজের যে পরিচয় গোপন রেখেছেন ব্রাজিলের এই রেফারি
ফিফার ব্রাজিলিয়ান রেফারি ইগর বেনেভেনুতো- ফাইল ছবি

ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে সর্বপ্রথম নিজের সমকামী পরিচয় প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান রেফারি ইগর বেনেভেনুতো। প্রায় দেড় যুগ বা ১৮ বছর ধরে নিজের এ পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের পডকাস্টে এক আলোচনায় নিজেকে সমকামী হিসেবে দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দেন বেনেভেনুতো। 

শুক্রবার প্রকাশিত পডকাস্টে ফুটবলকে ‘পুরুষদের খেলা’ হিসেবে বর্ণনা করে এই রেফারি বলেন, আমি ফুটবলকে ঘৃণা করতে করতেই বড় হয়েছি। ফুটবলের মাচো পরিবেশ আমি নিতে পারতাম না। যে শিশুদের সঙ্গে আমি খেলতাম, তাদের সামনে নিজের একটা মুখোশ তৈরি করে নিয়েছিলাম।

তরুণ বয়সেই ইগর বুঝে যান যে তিনি সমকামী। এতদিন নিজের এই পরিচয় গোপন রাখলেও এখন আর কারো পরোয়া করেন না তিনি। ইগর বলেন, ২৩ বছর ধরে রেফারি হিসেবে কাজ করছি, আমার বয়স ৪১। আজকের আগে আমি কখনোই কোথাও স্বরূপে হাজির হতে পারিনি। সমকামীরা তাদের পরিচয় লুকিয়ে রাখতে জানে। তবে আজকে থেকে ইগরের যে চরিত্রগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোতে আর হাজির হব না। আমি শুধুই ইগর, একজন সমকামী, যে মানুষ এবং তাদের পছন্দকে শ্রদ্ধা করে। কোনো মুখোশ নয়। শুধুই ইগর। আজকে থেকে কোনো ফিল্টার ছাড়া আমি ইগর, আমি অবশেষে আমার অস্তিত্বকে ফিরে পেয়েছি।

ব্রাজিলের অন্যতম সেরা রেফারি হিসেবে সুনাম রয়েছে ৪১ বছর বয়সী ইগর বেনেভেনুতোর। ২০২১ সালে ফিফার তালিকাভুক্ত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!