ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বর্ণবাদী আচরণের শিকার ভারতীয় সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ৫ জুলাই ২০২২
বর্ণবাদী আচরণের শিকার ভারতীয় সমর্থকরা
ফাইল ছবি

এজবাস্টনে চলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পঞ্চম টেস্ট। ভারতকে ধসিয়ে রেকর্ডগড়া জয় থেকে মাত্র ১১৯ রান দূরে ইংল্যান্ড। কিন্তু পঞ্চম টেস্টের চতুর্থ দিন ইংরেজ সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।

বেশ কিছু সমর্থক টুইটারে জানিয়েছেন, ৪ জুলাই সোমবার বার্মিংহ্যামের ভেন্যুতে অন্য দর্শকরা তাদের উদ্দেশ্য করে বর্ণবাদমূলক মন্তব্য করেছে। 

এক ভারতীয় সমর্থক জানান, ভারতীয় ভক্তদের উদ্দেশ্য করে অসভ্য আচরণ করেন ইংরেজ সমর্থকরা। নিরাপত্তাকর্মীদের এ নিয়ে অন্তত ১০ বার অভিযোগ করলেও সাড়া মেলেনি।

ভারতীয় সমর্থকদের সেই অভিযোগের পর ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক লেখেন, ‘এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।’ সেই টুইটের সঙ্গে একটি লিঙ্কও জুড়ে দেন। কীভাবে 'বর্ণবিদ্বেষের' শিকার হয়েছেন ভারতীয় সমর্থকরা, সেই সংক্রান্ত একাধিক টুইট রিটুইট করেন। ভারতীয় সমর্থকদের অভিজ্ঞতার টুইটও রিটুইট করেন তিনি।

রফিকের টুইটের প্রেক্ষিতে এজবাস্টনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, 'এটা পড়ে আমরা অত্যন্ত দুঃখিত। কোনোভাবেই আমরা এরকম আচরণ সহ্য করি না। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত করবো।' 

পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি দেয়, ‘নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এজবাস্টন।’ সঙ্গে ইংল্যান্ড বোর্ডের পক্ষে বলা হয়, ‘আজ টেস্ট ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এজবাস্টনের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন। ক্রিকেটে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!