জাপানকে হারিয়ে কিরিন কাপ জিতল তিউনিশিয়া
জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতিকে আরো শাণিত করলো তিউনিশিয়া। কিরিন কাপের ফাইনালে স্বাগতিক জাপানকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ওসাকায় অনুষ্ঠিত ফাইনালে জাপানকে ৩-০ গোলে হারিয়ে চার জাতির কিরিন কাপ টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে দলটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে গোল করে উত্তর আফ্রিকান দেশটিকে এগিয়ে দেন মোহাম্মদ আলী বিন রমাদান। পরে দলটির হয়ে আরো দুই গোল করেন যথাক্রমে ফারজানি সাসি ও আলী মালাউল।
আসন্ন কাতার বিশ্বকাপে ডি’ গ্রুপে তিউনিশিয়ার প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। প্রস্তুতির অংশ হিসেবে এই মাসে জাপান সফরটি খুবই ফলপ্রসু হয়েছে তিউনিশিয়ার। গত শুক্রবার সেমিফাইনালে চিলিকে ২-০ গোলে হারিয়েছে তারা।
মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে গোলের ভালো সুযোগ সৃষ্টি করতে পারেনি কাতারগামী জাপান ও তিউনিশিয়া। ওই অর্ধের মাঝপথে জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো অবশ্য ভালো একটি শট নিয়েছিলেন। তবে শটটি লক্ষ্যভ্রস্ট হয়।
১০ মিনিট পর আরো একটি ভালো সুযোগ হাতছাড়া করেন দাইচি কামাদা। প্রথমার্ধের শেষভাগে অবশ্য মিনামিনো বল জালে জড়িয়েছেন ঠিকই। তবে তার আগেই অফসাইডের পতাকা উচিয়ে ধরেন লাইনসম্যান।
বিরতি থেকে ফেরার ১০ মিনিট পর জাপানকে প্রথম সাজা ভোগ করতে হয়। এ সময় আনিস বেন স্লিমানের বাড়িয়ে দেয়া বল নিয়ে তাহা ইয়াসিন খেনিসি বক্সের দিকে ছুটে যাওয়ার সময় তাকে ফেলে দেন মায়া ইয়সিদা। এর ফলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রমাদান।
জাপান দ্বিতীয় গোলটি হজম করেছে রক্ষনভাগের ভুল বুঝাবুঝিতে। এ সময় ইয়সিদা ও কো ইতাকুরার মধ্যে বল আদান প্রদানের সময় সেটি কেড়ে নেন ইউসেফ মসাকনি। তার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন সাসি।
ইনজুরি টাইমে প্রতি-আক্রমন থেকে তিউনিশিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন মালাউল। এর আগে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে চিলিকে ৩-১ গোলে হারায় ঘানা। নির্ধারিত সময়ের ম্যাচ গোলশুন্য ড্র ছিল।