ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

টি-২০ সিরিজও জিতে নিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ১৩ জুন ২০২২
টি-২০ সিরিজও জিতে নিল আফগানিস্তান
ছবি: আইসিসি

ওয়ানডের পর এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো আফগানিস্তান।

গতরাতে সিরিজের দ্বিতীয় টি-২০তে আফগানিস্তান ২১ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো আফগানিস্তান।  

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারায় আফগানরা। তবে মিডল-অর্ডারে নাজিবুল্লাহ জাদরানের হাফ-সেঞ্চুরিতে রানের চাকা ঘুড়ে আফগানিস্তানের।

৪৬ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন জাদরান। আর শেষ দিকে অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। ২২ বলে অনবদ্য ৪৩ রান করেন নবী। তার ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা ছিলো। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ২ উইকেট নেন।

১৭১ রানের টার্গেটে শুরুতে উইকেট হারালেও, আরেক ওপেনার ইনোসেন্ট কায়া ও তাদিওয়ানাশে মারুমানির ৫২ রানের জুটিতে লড়াইয়ে থাকে জিম্বাবুয়ে। তবে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে জিম্বাবুয়ে। মারুমানি ৩০ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ২ রান করে আউট হন।

৬৬ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে দলকে ৪৪ বলে ৭০ রান এনে দেন কাইয়া ও সিকান্দার রাজা। এতে ম্যাচ জয়ের লড়াইয়ে ঠিকে ছিলো তারা। কিন্তু ২১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় রাজা ৪১ রান করে আউট হয়ে গেলে হার বরণ করে নেয় জিম্বাবুয়ে।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান করে জিম্বাবুয়ে। কায়া ৫৭ বলে ৫৪ রান করেন। আফগানিস্তানের রশিদ ৩২ রানে ২ উইকেট নেন। ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি।

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আবারও মাঠে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!