আমাদের খেলার মান ইউরোপিয়ানদের চেয়ে ঊর্ধ্বে : ডি মারিয়া
ইউরোসেরা লড়াইয়ে ইতালিকে হারিয়ে ‘ফাইনালিসিমা’য় জয় করেছে আর্জেন্টিনা। লন্ডনের ওয়েম্বেলি স্টেডিয়ামে ৩-০ গোলে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচ শেষে তিনি জানালেন, মানের দিক দিয়ে ইউরোপের দেশগুলোর চেয়ে এগিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়।
ইউরোপের ফুটবলের চেয়ে ল্যাতিন দেশগুলো পিছিয়ে আছে- এমন কথা প্রায়ই শোনা যায়। ইতালিকে হারিয়ে এই বিষয়ে মুখ খুললেন ডি মারিয়া।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক কথা হয়ে থাকে। আমরা দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে খেলি। তারাও (ইউরোপিয়ানরা) প্রতিনিয়ত একে অন্যে বিপক্ষে খেলে। তবে আজ আমরা প্রমাণ করে দিলাম যে, আমাদের খেলার মান ইউরোপিয়ানদের চেয়ে ঊর্ধ্বে।
গত বছর কোপা আমেরিকার ফাইনালেও গোল করেছিলেন ডি মারিয়া। তার গোলেই দীর্ঘদিনের খরা কাটিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালিসিমা জয়ের মেডেল গ্রহণের পর ডি মারিয়া বলেন, গতবছরের কোপা আমেরিকার পর সবকিছু বদলে গিয়েছে। আমরা জড়তা কাটিয়ে এখন নিজেদের উপভোগ করছি। বিষয়গুলো এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে।