শ্রীলংকার বিপক্ষে সিরিজ নিয়ে আশা ছাড়ছে না বিসিবি
একইসঙ্গে তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দেশটি। এসবের প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটে। ফলে আগামী মাসে সূচিতে থাকা বাংলাদেশ-শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
তবে আসন্ন এই সিরিজ নিয়ে এখনি কোনো শঙ্কা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা লঙ্কানদের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, শ্রীলংকা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে।
এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘বোঝাপড়ার মাধ্যমে সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলংকা ক্রিকেট সময়েই দল পাঠাবে।’
দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
এদিকে চলতি বছর শ্রীলংকায় বসার কথা আছে এশিয়া কাপের লড়াই। শেষ পর্যন্ত এই টুর্নামেন্টটি লঙ্কায় হবে কিনা তা নিতেও যথেষ্ট সংশয় আছে। শেষপর্যন্ত শ্রীলংকার নাম আয়োজক থেকে বাদ পড়লে সুযোগ লুফে নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ?
এমন প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘এটার স্বত্ব শ্রীলংকান বোর্ডের। লঙ্কান বোর্ড মনে করছে তারা আয়োজন করতে পারবে। যদি কখনও এ বিষয়ে কোনো আলোচনা হয় তা একটা প্রক্রিয়া মেনেই হবে। এ বিষয়গুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফোরামে আলোচনা করা হয়। সে ধরনের আলোচনা এখন পর্যন্ত হয়নি বা আমরা এমন কোনো বিষয়ে অবগত নই।’
তিনি যোগ করেন, ‘আগে শ্রীলংকা না করুক, তারপর আমরা বলব। এখনই মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু এশিয়া কাপের আরও সময় আছে। শ্রীলংকা যেহেতু আয়োজক, শ্রীলংকার বোর্ডই এ বিষয়টা ভালো বলতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে।’